বিএনপি নির্বাচন করুক না করুক কিছু যায় আসে না: এরশাদ

বিএনপি নির্বাচন করুক না করুক কিছু যায় আসে না: এরশাদ

রংপুর প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করুক না করুক তাতে কিছুই যায় আসে না। তাদের জন্য নির্বাচন বন্ধ হবে না, নির্বাচন হবেই। জাতীয় পার্টি এ নির্বাচনে অংশ নেবে তা নিয়ে কোনো বিতর্ক নেই।

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার কারাগারে যাওয়া নিয়ে এরশাদ বলেন, রাজনীতি করলে জেলে যেতে হবে, আমিও জেলে গিয়েছি। এ নিয়ে এত বাড়াবাড়ির কী আছে। তিনি বলেন, রায় দিয়েছেন বিচারক এ নিয়ে কোনো মন্তব্য আমি করব না। খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির আন্দোলন করা দোষের কিছু নয়। তারা আন্দোলন করতেই পারে। তবে কোনো ধ্বংসাত্মক কর্মসূচি না দেয়াই তাদের জন্য মঙ্গল।

বিএনপির কয়েকজন শীর্ষ নেতা জাপাতে যোগ দিচ্ছেন বলে ইঙ্গিত দিয়েছেন এরশাদ। তবে কারা যোগদান করছেন তাদের নাম জানতে চাইলে তিনি বলেন, এখন বলা যাবে না। তিনি আরও বলেন, কেউ যদি ইচ্ছে করে আমার দলে যোগ দিতে চায় কেন তাদের নেব না। তারা যদি ভালো নেতা হয়, যোগ্য প্রার্থী হয়, তাদের অবশ্যই দলে নেব। আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেব।

এর আগে সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সরাসরি মোটর শোভাযাত্রাসহকারে রংপুর সার্কিট হাউসে আসেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এবং প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা। এরশাদ রংপুরে পৌঁছালে সার্কিট হাউসে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা যুবসংহতির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক, গংগাচড়া উপজেলা সভাপতি আলহাজ শামসুল আলম, সদর উপজেলা সাধারণ সম্পাদক আতোয়ার রহমান মিলনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *