ওয়ার্ল্ড ডেস্ক : চলতি বছরের মে মাস থেকেই ইসরাইলের জেরুজালেমে কার্যক্রম শুরু করবে মার্কিন দূতাবাস। শুক্রবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার সিদ্ধান্তটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। অবশ্য জেরুজালেমের কোথায় দূতাবাসটি স্থাপন করা হবে তা এখনও জানানো হয়নি। এর আগে গত মাসের শেষ দিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জানিয়েছিলেন, ২০১৯ সালে চালু হবে দূতাবাসটি। তবে গতকালের এই বিবৃতি অনুযায়ী প্রত্যাশিত সময়ের আগেই সরিয়ে নেয়া হবে মার্কিন দূতাবাস। প্রতি বছর ১৫ মে ইসরাইল রাষ্ট্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
অন্যদিকে এ দিনটিকে প্রতি বছর নাকাবা বা বিপর্যয় দিবস হিসেবে পালন করে ফিলিস্তিনিরা। একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আরবদের উসকানি দিতেই দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
আর এ ঘোষণা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’ অন্যদিকে এই ঘোষণার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন ইসরাইলের গোয়েন্দামন্ত্রী ইসরায়েল কাটজ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘এর চেয়ে বড় উপহার কী হতে পারে! এই সিদ্ধান্তটি ন্যায়সঙ্গত হয়েছে।’


