দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কোরআন

দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির কোরআন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য পবিত্র কোরআনের অত্যাধুনিক প্রযুক্তির কপি চালু করতে যাচ্ছে মক্কা ও মদিনার দুই মসজিদের পরিচালনা পর্ষদ। ব্রেইল পদ্ধতির প্রযুক্তি অনুসরণ করে তৈরি হারামাইল ইলেকট্রনিক কোরআন পড়া যাবে খুব সহজেই। পবিত্র মসজিদুল হারামে আগত মুসল্লি, দর্শনার্থী ও ওমরাযাত্রীদের মধ্যে যারা দৃষ্টিপ্রতিবন্ধী বা অন্ধ তাদের কোরআন পাঠে এ ব্যবস্থা নেওয়া হয়।

জেনারেল প্রেসিডেন্সি ফর দি অ্যাফেয়ার্সের কর্মকর্তা গাজি আল তুবয়ানি জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি ১০০টি ইলেকট্রনিক ব্রেইল ডিভাইসের জন্য বিশেষ তাক প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি ডিভাইস প্রায় ছয় ইঞ্চি লম্বা ও চার ইঞ্চি চওড়া। অর্থাৎ ব্যবহারকারীরা উন্নত মানের ব্রেইল সেলের সাহায্যে এর পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠায় যেতে পারবে।

তিনি আরো জানান, ১০টি ডিজিটাল কোডের সাহায্যে এসব ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে। খুব সহজেই যেকোনো নম্বরের পৃষ্ঠায় যেতে পারবে ব্যবহারকারী। এমনকি সব লাইনের মধ্যেও স্ক্রল করতে পারবে। মসজিদে আগত দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য শিগগিরই এ পরিষেবা চালু হবে।

নতুন ইলেকট্রনিক ডিভাইসের পাশাপাশি মসজিদের নির্দিষ্ট স্থানে ব্রেইল পদ্ধতির কোরআনের মুদ্রিত কপি আছে। ছয় খণ্ডের কোরআনের এসব কপি ছাড়াও শিশুদের জন্য ইসলাম ও তাওহিদ সংক্রান্ত ব্রেইল পদ্ধতির বিভিন্ন বই রয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০-এর বাস্তবায়নে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নানা ধরনের প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে পবিত্র কোরআনের ইলেকট্রনিক ডিভাইস চালু করা হয়। আগামীতে ব্রেইল পদ্ধতির তাফসির বিষয়ক ডিভাইসও সংযুক্ত করা হবে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *