ডেঙ্গুতে নতুন রোগীশূন্য দিন

ডেঙ্গুতে নতুন রোগীশূন্য দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি শূন্যের কোটায় নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে নতুন কোনো রোগী ভর্তি হয়নি। নতুন বছরে এই প্রথম ডেঙ্গু রোগীশূন্য দিনের খবর জানালো স্বাস্থ্য অধিদফতর।

শনিবার (২২ জানুয়ারি) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১১ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ১১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৭ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।

এর আগে ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক আকার ধারণ করে। সেই বছর এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়। মারা যায় ১৪৮ জন। করোনা মাহামারির মধ্যে ২০২০ সালে ডেঙ্গু তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২১ সালের মাঝামাঝি সময়ে কিছুটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করে ডেঙ্গু।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *