ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

ধর্মঘট প্রত্যাহার, বাস চলাচল শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুরে বেতন বৃদ্ধি, পুলিশি হয়রানি ও চাঁদাবাজি বন্ধ এবং বিভিন্ন মামলায় আটক থাকা শ্রমিকদের মুক্তিসহ পাঁচ দফা দাবিতে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছেন শ্রমিকরা। ফলে তিন দিন পর রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।

এর আগে পূর্ব ঘোষণা ছাড়াই গত মঙ্গলবার (৫ এপ্রিল) রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েন যাত্রীরা। প্রশাসনের সাথে বৈঠক শেষে বাস চলাচল করছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন পুলিশ, রংপুর বিআরটিএ ও বাস-মালিকদের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেন মোটর শ্রমিকরা। পরে রাতেই কয়েকটি বাস ছাড়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ, জেলা মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আফতাবুজ্জামান লিপনসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক ও মালিকপক্ষের নেতারা।

রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ ও রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সিটিএসবি-ডিসি) মো. আবু বকর সিদ্দীক, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মেনহাজুল আলম (ট্রাফিক ডিসি)-সহ রংপুর বিআরটিএ সহকারী পরিচালক মো. ফারুক আলম ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি জানিয়েছেন।

তারা বলেন, রংপুর থেকে ঢাকাগামী বাস ধর্মঘট থাকার বিষয়ে জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় মালিক ও শ্রমিকপক্ষের দাবি-দাওয়া বিষয়ে আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যমতে, গত তিন দিন ধরে ঘোষণা ছাড়াই গাড়ি বন্ধ করায় অফিসসহ বিভিন্ন কাজে ঢাকামুখী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। অনেকেই ঢাকায় চাকরিতে যোগদানসহ বিভিন্ন কাজে বের হওয়া যাত্রীরা বিপাকে ছিলেন। সমস্যা সমাধানের পর রংপুর-ঢাকা যানবাহন চলাচল করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *