পুতিনের বিরুদ্ধে চরম নিষ্ঠুরতার অভিযোগ

পুতিনের বিরুদ্ধে চরম নিষ্ঠুরতার অভিযোগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে আগ্রাসন চালাতে গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চরম নিষ্ঠুরতা ও ভ্রষ্টাচারের পরিচয় দিয়েছেন বলে অভিযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর।

মুখপাত্র জন কিরবি প্রশ্ন তুলেছেন যে ইউক্রেনে রাশিয়া যে নিষ্ঠুরতা চালাচ্ছে সেটি কিভাবে কেউ নৈতিকভাবে সমর্থন করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার বলেছেন তিনি এখনো পুতিনের সঙ্গে শান্তি আলোচনায় রাজি আছেন।

পোলিশ মিডিয়ার সঙ্গে আলাপকালে তিনি বলেন তিনি পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চেয়েছেন কারণ একজন ব্যক্তিই রাশিয়ায় সব সিদ্ধান্ত নিয়ে থাকে।

তবে রাশিয়ান বাহিনী দখল করা এলাকাগুলোতে যে ধরণের ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে তাতে যে কোন আলোচনার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে।

তিনি বলেন, ’বুচা ও মারিওপোলের পর মানুষ তাদের মেরে ফেলতে চাইছে। এমন দৃষ্টিভঙ্গির মধ্যে কোনো কিছু নিয়ে আলোচনা করা কঠিন’।

বৃহস্পতিবার ইউক্রেন দশজন রাশিয়ান সৈন্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তাদের ধরার ঘোষণা দিয়েছে। কিয়েভের উত্তরের এই শহরতলীতে অন্তত চারশ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

ইউক্রেনে হামলার যে যৌক্তিকতা রাশিয়া দিয়েছে তা প্রত্যাখ্যান করে জন কিরবি বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা করছে সেটিকেই কেবল ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন পুতিন।

তার দাবি সেখানে নিরীহ মানুষকে মাথার পেছনে গুলি করা হচ্ছে, গর্ভবতী নারীকে হত্যা করা হচ্ছে এবং হাসপাতালে বোমা মারার মতো নিষ্ঠুর ঘটনা ঘটেছে।

বিবিসির জোয়েল গুন্টার কিয়েভ থেকে জানিয়েছেন যে ফেব্রুয়ারিতে হামলা শুরুর পর বহু বেসামরিক নাগরিককে রাশিয়া জোরপূর্বক সীমান্তের বাইরে ঠেলে দিয়েছে এমন প্রমাণ পাওয়া যাচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গত শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেছেন, ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত কমপক্ষে দশ লাখ মানুষকে ইউক্রেন থেকে রাশিয়ায় সরিয়ে নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *