পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরপর দু’বছর করোনার তাণ্ডবের পর এবারের ঈদের ছুটিতে বিদেশে ঘুরতে গিয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। এর মধ্যে প্রায় পাঁচ লাখ লোক ঈদ উপলক্ষে ভারতে গেছেন। এছাড়া দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডেও উল্লেখযোগ্য সংখ্যক লোক ঈদের ছুটি কাটাতে গেছেন।
এদিকে পরিবারের সাথে ঈদ করতে গ্রামের বাড়িতেও ছুটে যাচ্ছেন বহু সংখ্যক মানুষ। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানিয়েছেন, ঈদে প্রতি বছর বিপুল সংখ্যক লোক ঢাকা ছাড়েন। এবারও ঢাকা ছাড়ছেন। এবার ঈদে প্রায় এক কোটি লোক ঢাকা ছাড়ছেন।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার মোবাইল সিমের হিসাব ধরে গতকাল বলেছিলেন, প্রায় ৭৩ লাখ লোক গতকাল পর্যন্ত ঢাকা ত্যাগ করেছেন।
তবে গতরাতে হিজরী শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর আরও একদিন পিছিয়ে যায়। এই সুযোগে আরও বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করেন। আবার অনেকেই ছুটি কাটাতে পর্যটন অঞ্চল সিলেট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িতে গেছেন।


