পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের ৬ দেশ। ইরানের দক্ষিণাঞ্চলের হরমুজগান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে দক্ষিণের এই প্রদেশের রাজধানী বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বংস হয়েছে বলে দেশটির সরকারি সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে।
এদিকে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্প মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহ শহর, কাতার, বাহরাইন, ওমান এবং সৌদি আরবেও অনুভূত হয়েছে বলে খবর দিয়েছে খালিজ টাইমস।
রোববার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৩৮মিনিটের দিকে ইরানের দক্ষিণের বন্দর আব্বাস শহর ভূমিকম্পে কেঁপে উঠেছে। প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৬ দশমিক ৩।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, রোববারের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। বন্দর আব্বাসের ৫৪ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্টের প্রায় ১০ কিলোমিটার গভীরে ওই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় দেশটিতে ক্ষয়ক্ষতি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
আইএসএনএ বলছে, ইরানে আঘাত হানা এই ভূমিকম্পে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবু ধাবির পাশাপাশি কাতার, বাহরাইন, ওমানের কিছু অংশ এবং সৌদি আরবও কেঁপেছে। বন্দর আব্বাসে বেশ কিছু বাড়িঘর ধ্বংসের খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে হতাহতের তথ্য জানা যায়নি।
স্থানীয় এক কর্মকর্তা ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন, হরমুজগান প্রদেশের দক্ষিণের কয়েকটি শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। ওই এলাকা পরপর দু’বার কেঁপে উঠেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে।


