শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৪। বৃহস্পতিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষার সময় উচ্চশব্দে মাইক বাজিয়ে ওয়াজ-মাহফিল, ডিজে পার্টি ও কনসার্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এসএসসি ও সমমান পরীক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “এসএসসি পরীক্ষার সময় এ ধরনের অনুষ্ঠান (ওয়াজ-মাহফিল) অমানবিক। অন্য সময়ও তাই। কারণ সারারাত মাইক বাজানো সমীচীন নয়। আমাদের ধর্মীয় নেতা যারা আছেন, অন্য ধর্মের বিশেষজ্ঞ যারা আছেন, এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সারারাত মাইক বাজালে পুণ্য বেশি হবে এই ধারণা থাকা ঠিক না। রোগী-পরীক্ষার্থীদের জন্য এটি ক্ষতিকর। কনসার্ট, ডিজে পার্টিতে সাউন্ড বক্স বাজানো হচ্ছে, সারারাত অনুষ্ঠান হচ্ছে। সার্বিকভাবে এটি বর্জন করা উচিত।”
সংবাদ সম্মেলনে আরও ছিলেন- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোলায়মান খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সব কমিটির সভাপতি, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রমুখ।


