৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের ফার্স প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সময় সকাল ৮টা ১১ মিনিটের দিকে ফার্স প্রদেশের মোহর এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়।

জার্মানির ভূবিদ্যা গবেষণা কেন্দ্র ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, উৎপত্তিস্থলের আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৩ এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, এ মাত্রার ভূমিকম্পে ঘরের জানালা ভেঙে যাওয়া কিংবা তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে।

ভূমিকম্পের পর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নতুন করে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।

Related Articles