খানিক তাপমাত্রা নামতে পারে

খানিক তাপমাত্রা নামতে পারে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: সারা দেশে দিনের তাপমাত্রা আজ ও আগামীকাল ১-২ ডিগ্রি সেলসিয়াস করে কমতে পারে। এ দুদিন দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনাও আছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চল দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কিছুটা প্রশমিত হতে পারে। তবে পরশু (মঙ্গলবার) থেকে দিনের তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস। অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

তাপমাত্রা বৃদ্ধির বিষয়ে বুলেটিনে বলা হয়, পাবনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের বেশকিছু অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। আজ কিছু জায়গায় তাপপ্রবাহ প্রশমিত হতে পারে। তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিবোধ কমার সম্ভাবনা নেই।

গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়; ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে; ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয় সিলেটে; ২০ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে সেটাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রির মধ্যে থাকলে সেটা হয় মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ হয় ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকলে। এর বেশি হলে সেটাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে কোথাও কোথাও। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা বাড়তে পারে ১-২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বর্ধিত পাঁচদিনের পূর্বাভাসে তাপমাত্রা আরো বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *