ইকরা ঝিল মসজিদে আত্মশুদ্ধির রজনী : নীরব অশ্রু আর হৃদয়ের দুআ

ইকরা ঝিল মসজিদে আত্মশুদ্ধির রজনী : নীরব অশ্রু আর হৃদয়ের দুআ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) এক আধ্যাত্মিক রাতের অবতারণা হয়েছিল। মাসিক শবগুজারীর সেই আয়োজন যেনো ছিলো এক অনিন্দ্য সৌন্দর্যের সমাবেশ—যেখানে একে অপরকে ছাড়িয়ে গিয়েছিল নীরব অশ্রু, হৃদয়ের রোনাজারি আর আত্মশুদ্ধির অন্তরভেদী আকাঙ্ক্ষা।

বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত এ মাহফিলের সূচনা হয় মাগরিবের নামাজের পর। আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী রহ.-এর অন্যতম খলিফা এবং বাংলাদেশের ইসলামী অঙ্গনের অবিসংবাদিত ব্যক্তিত্ব শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর তত্ত্বাবধানে বহু বছর ধরে চলে আসছে এই শবগুজারীর প্রথা।

তবে এবারের রাতের আকাশে ছিলো এক মলিনতা। শারীরিক অসুস্থতার কারণে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. নিজে উপস্থিত থাকতে পারেননি। তবুও তাঁর নুরানী প্রতিচ্ছবি ছড়িয়ে ছিলো সালিকদের হৃদয়ে। তাঁর সুযোগ্য খলিফাগণ নেতৃত্ব দেন জিকির-আযকার, ইসলাহী বয়ান, দরুদ শরীফ ও গভীর রাতের আমলসমূহে। প্রতিটি মূহূর্তে শাইখের প্রতি ভালোবাসা আর অনুপস্থিতির বেদনা মিশে ছিলো অংশগ্রহণকারীদের চেহারায়।

দেশের নানা প্রান্ত থেকে আগত সালিকরা যেনো ভিন্ন ভিন্ন নদী হয়ে মিলিত হয়েছিলেন এই এক সমুদ্রে—আল্লাহর প্রেমে, আত্মার পবিত্রতায়, তরিকতের বন্ধনে। রাতের গভীর নিস্তব্ধতায় যখন চারদিক ডুবে গিয়েছিলো দুরুদের স্রোতে, তখন মনে হচ্ছিলো, পুরো ইকরা ঝিল মসজিদ যেনো ফেরেশতাদের এক আস্তানা।

শবগুজারীর সমাপ্তি হয় অশ্রুসিক্ত দুআর মধ্য দিয়ে। ভক্তরা হাত তুলেছিলেন একসাথে, হৃদয় ভিজেছিলো কান্নায়। দুআয় তারা আল্লাহর দরবারে মিনতি করেছেন—”আমাদের প্রিয় শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-কে দ্রুত আরোগ্য দান করুন, দীর্ঘায়ু করুন, তাঁর ছায়ায় আমাদেরকে রাখুন।”

এ যেনো শুধু একটি শবগুজারী ছিলো না; বরং এটি ছিলো ভক্তি, ভালোবাসা আর আত্মিক সম্পর্কের এক জীবন্ত দলিল। মসজিদের দেয়ালগুলো সেদিন সাক্ষী ছিলো, কীভাবে এক মুরশিদের প্রতি আনুগত্য হাজার মানুষের হৃদয়কে এক স্রোতে বেঁধে রাখতে পারে।

Related Articles