আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

আজ ইকরা ঝিল মসজিদে মাসিক শবগুজারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আওলাদে রাসূল, ফিদায়ে মিল্লাত হযরত মাওলানা সাইয়্যেদ আসআদ মাদানী রহ. এর অন্যতম খলিফা, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর আহবানে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আজ (৩১ জুলাই, বৃহস্পতিবার) বাদ মাগরিব মাসিক শবগুজারীর আয়োজন করা হয়েছে।

তিন দশকের ঐতিহ্যবাহী আয়োজন

প্রতি মাসের মতোই ইংরেজি মাসের শেষ সপ্তাহে আয়োজিত এ শবগুজারীতে দেশ বরেণ্য ওলামায়ে কেরাম এবং আত্মশুদ্ধি প্রত্যাশী সালেকগণ অংশ নেবেন। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার হাজীপাড়া ইকরা মাদরাসা সংলগ্ন ঝিল মসজিদে প্রায় তিন দশক ধরে ধারাবাহিকভাবে এই শবগুজারী অনুষ্ঠিত হয়ে আসছে।

বয়ান, জিকির ও কিয়ামুল লাইল

কুতবুল আলম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা.-এর সরাসরি উপস্থিতিতে ইসলাহী বয়ান, তালীম, জিকির এবং রাতের শেষ প্রহরে ব্যক্তিগতভাবে কিয়ামুল লাইলের আমলের মধ্য দিয়ে এই শবগুজারী সম্পন্ন হয়।

ইশার পর দরুদ শরীফের বিশেষ আমল শেষে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দা.বা. বায়‘আত গ্রহণ করেন, যাতে অসংখ্য মানুষ আধ্যাত্মিক সম্পর্ক স্থাপন করে আত্মশুদ্ধির পথে অগ্রসর হওয়ার সুযোগ পান।

উলামায়ে কেরামের আহ্বান

এই আয়োজনে দেশব্যাপী আত্মশুদ্ধি অনুরাগী মুসলমানদের উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মুফতী আব্দুর রহিম কাসেমী। তিনি বলেন, “শবগুজারী হচ্ছে অন্তরের পরিশুদ্ধির একটি বিরল সুযোগ। আসুন, আমরা সবাই অংশগ্রহণ করে ঈমানি জিন্দেগি আলোকিত করি।”

Related Articles