পাটপণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না : বাণিজ্য উপদেষ্টা

পাটপণ্য রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রভাব ফেলবে না : বাণিজ্য উপদেষ্টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাটপণ্যের ওপর ভারতের নিষেধাঞ্জা বাংলাদেশের রফতানিতে তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সাংবাদিকদের গতকাল মঙ্গলবার সচিবালয়ে ২০২৫-২৬ অর্থবছরের রফতানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। আরেক প্রশ্নে তিনি বলেন, বাজারে পেঁয়াজের দাম কমানোর জন্য পণ্যটি আমদানির অনুমতি দেয়া হবে। ফলে ব্যবসায়ীরা যেকোনো দেশ থেকে পেঁয়াজ আমদানি করতে পারবেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ভারতের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয়া হলেও সাড়া মেলেনি।

এ দিকে, ভারতের নতুন বিধিনিষেধের আওতায় সে দেশের ব্যবসায়ীরা এখন বাংলাদেশ থেকে চার ধরনের পাটের পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। শুধু দেশটির মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ আছে। এমন বিধিনিষেধ দিয়ে গত সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) প্রজ্ঞাপন জারি করেছে।

বাংলাদেশের পণ্য আমদানিতে গত কয়েক মাসে কয়েক দফায় অশুল্ক বিধিনিষেধ আরোপ করেছে ভারত। এর আগে গত ১৭ মে স্থলবন্দর দিয়ে তৈরী পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাব, সুতা ও সুতার উপজাত, ফল ও ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানিতে বিধিনিষেধ দেয় দেশটি। তার আগে ৯ এপ্রিল ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রফতানির সুবিধা প্রত্যাহার করে দেশটি।

এ দিকে বাংলাদেশের রফতানি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারত বাতিল করার এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে। এর আগে বেনাপোল, ভোমরা, সোনা মসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে সুতা আমদানির সুযোগ ছিল।

সংবাদ সম্মেলনে শেখ বশিরউদ্দীন বলেন, দেশের অর্থনৈতিক ক্ষতি হবে, এমন কোনো বিষয়ে ছাড় দিয়ে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়নি। দুই দেশের মধ্যে খাদ্য ও কৃষিপণ্যের আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি মেটানো হবে।

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশে নামিয়ে আনতে দরকষাকষি চালিয়ে যাবে বাংলাদেশ। সরকার যেসব উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে ১৫ শতাংশের ব্যাপারে আশাবাদী আমরা।

আরেক প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা থাকলেও এতটা অস্থিতিশীল নয় যে ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়বে। তাই রফতানির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে তাতে সমস্যা হবে না।

Related Articles