পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনপ্রতিনিধি হোক আর যেই হোক অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে-ই অপরাধ করুক, অবশ্যই আইনের মুখোমুখি করা হবে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ধানমন্ডির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘অপরাধ অপরাধই। সেটাই দেখার বিষয়। নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের যে ঘটনা ঘটেছে আমরা সেভাবেই ঘটনাটি দেখবো। ইতিমধ্যে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। দ্রুত ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।’
রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডির কলাবাগান ক্রসিংয়ের কাছে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে কয়েকজন নেমে এসে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ওয়াসিফ আহমেদ খানকে মারধর করেন। ওই ঘটনায় আজ সোমবার (২৬ অক্টোবর) ভোরে থানায় মামলা দায়ের করেন ঘটনার শিকার লেফটেন্যান্ট ওয়াসিফ।
মামলার এজাহারে সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ এরফান সেলিম, তাঁর বডিগার্ড মোহাম্মদ জাহিদ, হাজি সেলিমের মদিনা গ্রুপের প্রটোকল অফিসার এ বি সিদ্দিক দিপু এবং গাড়িচালক মিজানুর রহমানের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো দুই-তিনজনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ওই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘এটি অনাকাঙ্ক্ষিত। একজন মানুষকে এভাবে মারধর বা হত্যার হুমকি দেওয়া যেতে পারে না। তার ওপর তিনি একটি বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা।’


