পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এই দেশে আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “স্বাধীনতার স্বপ্নগুলোকে এই সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে।”
শনিবার (২৮ মে) দুপুরে ঝিনাইদহে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, “আওয়ামী লীগের নেতৃত্বে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। তাদের অবিলম্বে পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই সরকার যে নির্বাচন কমিশন গঠন করবে, সেই কমিশনের পরিচালনায় সবার অংশগ্রহণে একটি নির্বাচন হবে।”
তিনি বলেন, “আমরা ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে স্বপ্ন দেখেছিলাম, যার জন্য যুদ্ধ করেছিলাম, প্রাণ দিয়েছিলাম, রক্ত দিয়েছিলাম সেই স্বপ্নগুলোকে এই সরকার ভুলণ্ঠিত করে দিয়েছে।”
জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট এম এ মজিদ’র পরিচালনায় আহ্বায়ক এস এস মশিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মসিউর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুলসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।


