আগামী নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর : এরশাদ

আগামী নির্বাচনে জাতীয় পার্টি ফ্যাক্টর : এরশাদ

চট্টগ্রাম প্রতিনিধি : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করা সম্ভব নয় এমন মন্তব্য করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি হচ্ছে ফ্যাক্টর। আপাতত আওয়ামী লীগের সঙ্গে জোটে আছি। আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

জাতীয় পার্টির সঙ্গে জোটের বিষয়ে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রসঙ্গে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ফখরুল ইসলাম কী বলেছেন সে সম্পর্কে আমার ধারণা নেই। তবে আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

বুধবার বিকেলে নগরীর রেডিসন ব্লুুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সাবেক রাষ্ট্রপতি এরশাদ।

তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তাই সবাই আমাদের চাচ্ছে। কিন্তু আমরা কোথায় যাব, কিভাবে নির্বাচন করবো, সেটা ডিপেন্ড করবে আমাদের উপর। আমাদের কর্মীদের উপর, নেতাদের উপর। আমরা সিদ্ধান্ত নেব কিভাবে নির্বাচন করবো। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাতীয় নির্বাচন নিয়ে এখন কথা বলা উচিত হবে না মন্তব্য করে এরশাদ বলেন, কারণ আওয়ামী লীগ আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। আমরা সংগঠিত হচ্ছি। আমাদের ৩শ’ প্রার্থী আছে। তবে কতজন প্রার্থী জয়ী হতে পারবে সে সম্পর্কে আমরা নিশ্চিত নই। আমাদের কর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি হয়েছে। আমার মনে হয় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমরা ভাল করবো। দেশের যুবসমাজে অসন্তোষে রয়েছে উল্লেখ করে এরশাদ বলেন, যুবকদের কর্মসংস্থান নেই। দেশে বিনিয়োগ নেই। তাই যুবসমাজ বিপথে চলে যাচ্ছে। অনেকে মাদকাসক্ত হয়ে পড়ছে। এটা আমাদের জন্য সুখকর নয়। জাতির জন্য লজ্জাজনক। সরকারের প্রয়োজন বিদেশি বিনিয়োগ নিয়ে আসা, শিল্প কারখানা গড়ে তোলা। শিক্ষিত যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে না পারলে সমাজে যে অশান্তি সৃষ্টি হয়েছে তা আরও বৃদ্ধি পাবে।

নির্বাচন কমিশনের জন্য রংপুর সিটি নির্বাচন বড় পরীক্ষা ছিল উল্লেখ করে তিনি বলেন, সেই পরীক্ষায় নির্বাচন কমিশন উত্তীর্ণ হয়েছে। রংপুরে আদর্শ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে প্রথমবারের মতো সুষ্ঠু নির্বাচন হলো। এসময় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মাহজাবীন মোরশেদ, দলের প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম সহ দলের নগর ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *