পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের ঊর্ধগতি সংক্রমন ঠেকাতে চলমান লকডাউনের মেয়াদ আবারও বাড়ানো হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী বিধিনিষেধ চলবে আগামী ১৬ জুন পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ রোববার (৬ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯-জনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধিনিষেধ বাড়ানো হয়েছে। যা ৬ জুন (আজ) মধ্যরাত হতে ১৬ জুন ২০২১ তারিখ মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।
উল্লেখ্য, দেশে দ্বিতীয় দফায় করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে গেলে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত প্রথমে বিধিনিষেধ আরোপ করা হয়। কিন্তু তাতে মানুষের উদাসীনতা ও পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১৪ এপ্রিল থেকে কঠোর তথা সর্বাত্মক লকডাউন বা বিধিনিষেধ আরোপ করা হয়। এর পর কয়েক দফা বাড়িয়ে তা সর্বশেষ ৬ জুন (আজ) পর্যন্ত করা হয়। কিন্তু অবস্থার আশানুরূপ উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ আবারো বাড়ানো হলো।


