পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে কটূক্তি করায় আব্বাস আলীকে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্বাস আলীর বিরুদ্ধে ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হয়েছে এবং গ্রেপ্তার হওয়ায় তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সেবা গ্রহণকারী সাধারণ নাগরিক পৌর সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যা পৌরসভার স্বার্থের পরিপন্থী ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে সমীচীন নয় বলে প্রতীয়মান হয়েছে। স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এর আগে, গত ১ ডিসেম্বর রাজধানীর কাকরাইলের একটি হোটেল থেকে মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নির্মাণকে কেন্দ্র করে কটূক্তি এবং নির্মাণ প্রতিহতের ঘোষণা দিয়ে বক্তব্য দেন নৌকা প্রতীকে দুবারের নির্বাচিত মেয়র আব্বাস আলী। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ওই অডিওর কণ্ঠ নিজের বলে স্বীকার করেছেন আব্বাস আলী।
গত ২৪ নভেম্বর বিকেলে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। পরে গত ২৫ নভেম্বর রাতে ১২ কাউন্সিলর রাজশাহী জেলা প্রশাসক বরাবর অনাস্থা পত্র ও রেজুলেশন জমা দেন। এরপর গত ২৬ নভেম্বর সন্ধ্যায় মেয়র আব্বাসকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।


