আমি পদত্যাগ চাইনি : বাবুনগরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সবচেয়ে বড়, ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার শুরা কমিটি ঘোষিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক পদ থেকে সদ্য অপসারিত আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি দেশের আলোচিত সংগঠন ও হেফাজত মহাসচিবও।
বুধবার (১৭ জুন) রাতে সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। বিবৃতিতে জানানো হয়, মজলিসে শুরার সদস্যদের কাছে হাটহাজারী মাদরাসার মুঈনে মুহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে সরাসরি পদত্যাগ বা পদত্যাগের বিষয়ে কোনো প্রকারের সম্মতি প্রকাশ করেননি আল্লামা জুনায়েদ বাবুনগরী।
প্রসঙ্গত, বুধবার শুরা কমিটির বৈঠকে আল্লামা আহমদ শফী আমৃত্যু মাদরাসার মহাপরিচালক পদে থাকবেন বলে সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে ভারপ্রাপ্ত মহাপরিচালক ও হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদরাসার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। এছাড়াও নতুন করে মুঈনে মুহতামিম হিসেবে নিয়োগ দেয়া হয় মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা শেখ আহমদকে। এরপর সন্ধ্যায় মাদরাসার ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, ‘আল্লামা শাহ আহমদ শফীর উপস্থিতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদ ছেড়ে দিতে সম্মত হয়েছেন।’
কিন্তু বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুরের সভাপতিত্বে হাটহাজারী মাদরাসার মজলিসে শুরার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শেষ পর্যায়ে কিছু বিষয় সম্পর্কে জানতে আমাকে বৈঠকে ডাকা হয়। সেসব বিষয়ে আমার সুস্পষ্ট বক্তব্য শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী সাহেব ও শুরার সদস্যদের সামনে উপস্থাপন করেছি। কিন্তু বৈঠকে শুরা সদস্যদের কাছে মুঈনে মুহতামিমের পদ থেকে পদত্যাগ চাওয়া বা পদত্যাগের বিষয়ে কোনো ধরনের সম্মতি আমি প্রকাশ করিনি এবং বৈঠকে আমাকে মুঈনে মুহতামিমের পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে শুরার সদস্যরা আমাকে কিছুই বলেননি। বৈঠক শেষ হওয়ার অনেক পর একজন সদস্য মুঈনে মুহতামিমের পদ থেকে আমাকে অব্যাহতির বিষয়টি জানিয়েছেন।
তিনি আরও বলেন, আমি জানতে পেরেছি, মাদরাসার অফিসিয়াল ফেসবুক পেজে মাওলানা নোমান ফয়জীর বরাতে এবং একটি ইলেকট্রনিক মিডিয়ায় মাওলানা নুরুল আমীন সাহেবের বরাতে প্রচারিত হচ্ছে যে, আমি মজলিসে শুরার সদস্যদের কাছে মুঈনে মুহতামিম বা সহযোগী পরিচালকের পদ থেকে পদত্যাগের সম্মতি প্রকাশ করায় তারা আমাকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। অথচ এ কথা ভিত্তিহীন। আমি শুরার সদস্যদের নিকট কোনো পদত্যাগ চাইনি।


