পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করোনা পরবর্তী যে জটিলতাগুলো ছিল, সেগুলোর উন্নতি হয়েছে। তবে অন্যান্য শারীরিক সমস্যা আগের মতোই আছে। সেগুলো সমাধানে কাজ করছেন চিকিৎসকরা, তাই তাকে ‘আরও কিছুদিন’ হাসপাতালে থাকতে হবে। আজ রোববার (৬ জুন) দুপুরে এই তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ডা. জাহিদ হোসেন।
ডা. জাহিদ আরও বলেন, তিনি এখনো তরল খাবার খাচ্ছেন। শারীরিক দুর্বলতা আছে। সবমিলিয়ে ‘বিপদমুক্ত’ নন। তাকে দেখাশোনা করার জন্য ১০ সদস্যের যে মেডিকেল বোর্ড আছে, সেই বোর্ডের সিদ্ধান্তেই গতকাল (৫ জুন) সিসিইউ থেকে কেবিনে নিয়ে আসা হয়েছে তাকে।
করোনা পরবর্তী জটিলতাগুলো সমাধানের পর এবার হার্ট ও কিডনি সমস্যার সমাধানে মনোযোগ দিচ্ছে মেডিকেল বোর্ড। এছাড়া সিসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৭ মে হঠাৎ করেই জ্বরে আক্রান্ত হয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। দুদিন পর ২৯ মে রাতে সেরে উঠেছেন।
প্রসঙ্গত, গত ১১ এপ্রিল প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গত ৩ মে রাতে শ্বাসকষ্ট হলে তাকে সিসিইউতে নেওয়া হয়। বেশ অনেকদিন সেখানে থাকার পর গতকাল ৫ জুন কেবিনে স্থানান্তর করা হয় বিএনপি চেয়ারপারসনকে।


