পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংযুক্ত আরব আমিরাতে অগ্নিদগ্ধ হয়ে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শারজাহ শহরের আবাসিক একটি বাড়িতে মারাত্মকভাবে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদেন সূত্রে এই সঙবাদ জানা যায়।
শারজাহ সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল ও উদ্ধারকর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জরুরি সেবা সংস্থার কর্মকর্তারা বলছেন, পার্শ্ববর্তী বাড়িগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় ভীষণভাবে দগ্ধ এক নারী ও তার শিশুসন্তানকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় বাড়িটির এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা।
ঘটনাস্থলে উপস্থিত এক কর্মকর্তা বলেন, বাড়িটিতে তিরিশ জনের বেশি মানুষের বসবাস। এছাড়া মালিকের অনুমতি ছাড়া অনেকেই তাদের ঘর ভাড়া দিয়েছেন। তাই ঠিক কতজন সেখানে বসবাস করতেন তা বলা যাচ্ছে না।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অগ্নিকাণ্ডের ধোঁয়ায় তৈয়ব আলী (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত তৈয়ব আলী হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা গ্রামের ঠাণ্ডা মিয়া সওদাগরবাড়ির (প্রকাশ হেজারবাড়ি) সালেহ আহমদের ছেলে। তিনি ১৮ বছর ধরে আবুধাবি প্রবাসী।
নিহতের স্বজনরা জানান, অগ্নিকাণ্ডের সময় তৈয়বসহ অন্যরা তাদের গ্যারেজের ছাদে আবাসস্থল থেকে নেমে আসার পর তার ছেড়ে আসা ব্যাগ আনতে পুনরায় সেখানে ছুটে যান। এ সময় অগ্নিকাণ্ডে সৃষ্ট ঘন ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই তৈয়ব মারা যান। তিনি আবুধাবিতে অ্যালুমিনিয়াম ফিক্সারের কাজ করতেন। আগামী সপ্তাহে তার লাশ দেশে আসবে বলে জানান স্বজনরা।
এদিকে সংযুক্ত আরব আমিরাতে চলতি সাধারণ ক্ষমা কর্মসূচির আওতায় চাকরিপ্রত্যাশীদের দেয়া ছয় মাসের ভিসায় কেউ একবার আমিরাত ত্যাগ করলে তার ভিসা অবৈধ হবে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটির (এফএআইসি) বরাত দিয়ে দিয়ে খালিজ টাইমসের এক প্রতিবদেন এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তবে দেশটিতে অভিবাসী ভিসাধারীরা ভিসা সংক্রান্ত এ সুবিধা ও অধিকার পাবে না। গত সপ্তাহে স্থানীয় একটি দৈনিকে ছয় মাস মেয়াদী অস্থায়ী ভিসাধারীরা দেশটিতে আসা যাওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই বলে সংবাদ প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষ এ ঘোষণা দিল।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটির এক কর্মকর্তা বলেন, এই ভিসার মাধ্যমে একাধিকবার প্রবেশের সুযোগ নেই। সাধারণ ক্ষমার আওতায় ৬০০ দিরহাম মূল্যের এই ভিসা সাধারণ ক্ষমাপ্রার্থনাকারীরা পেতেন; যাদের সব ধরনের জরিমানা মওকুফ।
ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড ন্যাশনালিটির অভিবাসন বিষয়ক শাখার প্রধান ব্রিগেডিয়ার আল রশিদী বলেন, এই সুবিধা শুধু তাদেরকেই দেয়া হবে; যারা সাধারণ ক্ষমা পাওয়ার পর এখানে বসবাস করতে চায় এবং চাকরি পেতে ইচ্ছুক। কিন্তু যদি তারা এ সময়ের মধ্যে কোনো চাকরি না পায় তাহলে তাদেরকে বাধ্যতামূলক দেশত্যাগ করতে হবে। মেয়াদ শেষ হওয়ার পর অস্থায়ী এ ভিসা নবায়ন করা যাবে না।
এছাড়া অস্থায়ী ভিসাধারীরা কোনো কাজ করতে পারবেন না। তাদেরকে আগে কোনো কাজ পেতে হবে। এরপর কাজ শুরুর আগে তাদেরকে চাকরি ভিসা দেয়া হবে।
এখনও দেশটিতে যারা অবৈধভাবে বসবাস করছেন; সাধারণ ক্ষমার আওতায় তাদের ভিসা নেয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই ভিসার জন্য আবেদন করা যাবে।


