পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরানের আল-কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানি। তাকে হত্যা করতে চেয়েছিল সৌদি- এমন তথ্যই দিলো দৈনিক নিউ ইয়র্ক টাইমস। সৌদি আরব ২০১৭ সালে এমন ঘটনা ঘটাতে চেয়েছিল বলে পত্রিকাটি দাবি করেছে।
এ ঘটনার সঙ্গে জড়িত তিনটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে দৈনিকটি এ খবর দিয়েছে।
২০১৭ সালের মার্চ মাসে রিয়াদে সৌদি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন সম্প্রতি খাশোগি হত্যাকাণ্ডে পদচ্যুত সৌদি গোয়েন্দা কর্মকর্তা মেজর জেনারেল আহমেদ আল-আসিরি। যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের ঘনিষ্ঠ এই জেনারেল সৌদি ব্যবসায়ীদের বলেন, যেকোনো উপায়ে ইরানের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে। বৈঠকে এ লক্ষ্যে ২০০ কোটি ডলার বাজেট বরাদ্দ দেয়ার কথা বলা হয়।
একইসঙ্গে আসিরি ইরানের আল-কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার উপায় নিয়েও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কুদস ব্রিগেড ইরাক ও সিরিয়া থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) নির্মূলে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। কুদস ব্রিগেডের এই ভূমিকাকে সহজভাবে নেয়নি জঙ্গি গোষ্ঠীগুলোর অন্যতম প্রধান পৃষ্ঠপোষক সৌদি আরব। জঙ্গি দমনে কুদস ব্রিগেডের অবদানের জন্য ধন্যবাদ জানানোর পরিবর্তে এর কমান্ডারকে হত্যা করার পরিকল্পনা করে রিয়াদ।
মোহাম্মাদ বিন সালমান সৌদি আরবের যুবরাজের দায়িত্ব গ্রহণ করার পর যখন ক্ষমতা সংহত করার কাজে হাত দেন তখন রিয়াদে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, বিন সালমান ক্ষমতা গ্রহণ করার পরপরই তার বিরোধীদের দমনের উদ্দেশ্যে জামাল খাশোগির মতো হত্যাকাণ্ডকে অনুমোদন দেন।
সৌদি রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড এবং দারিদ্র পীড়িত ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন চালানোর কারণে সৌদি আরব যখন প্রচণ্ড আন্তর্জাতিক চাপে রয়েছে তখন নিউ ইয়র্ক টাইম এ খবর প্রকাশ করল।
প্রসঙ্গত, গতমাসে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খাশোগিকে নির্মমভাবে হত্যা করা হয়। সৌদি সরকার তাকে হত্যা করার কথা স্বীকার করলেও তার লাশের সন্ধান দিতে পারেনি। খাশোগির নির্মম হত্যার প্রমাণও মিলেছে ইতিমধ্যে। খুনিরা জবানবন্দীতে বলেছিলেন, জীবিত অবস্থাতেই মাত্র সাত মিনিটে কেটে টুকরো টুকরো করা হয় খাশোগিকে।
এদিকে সৌদি সরকার খাশোগিকে হত্যা করেছে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছিলেন, রাজতন্ত্র-বিরোধী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করার জন্য সরাসরি সৌদি সরকার দায়ী। এরদোগান মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে লেখা এক নিবন্ধে বলেন, খাশোগিকে হত্যার নির্দেশ এসেছে সৌদি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে।
সূত্র : পার্সটুডে


