ক্রীড়া ডেস্ক : সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকা টেস্টের শুরুটা ভয়াবহ ব্যাটিং বিপর্যয় দিয়ে হলেও মুশফিক-মুমিনুলের দৃঢ়তায় তা কাটিয়ে উঠেছে বাংলাদেশ। রবিবার ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান তুলতে সক্ষম হন মুশফিক-মুমিনুলরা। ব্যক্তিগত ১৬১ রানে মুমিনুল হক আউট হলেও ১১১ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনে অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়ে আবারো শুরু করেছেন যাত্রা। রোববার দ্বিতীয় দিনে ব্যাটিং করছেন দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিক-মাহমুদউল্লাহ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ২৬ রানে ৩ উইকেট হারানোর পর দলকে খাদ থেকে টেনে তুলেন মুশফিকুর রহিম এবং মুমিনুল হক। চতুর্থ উইকেটে গড়েন ২৬৬ রানের দুর্দান্ত জুটি। ১৫০ বলে ১২ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৭ম টেস্ট সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। দিনের খেলার শেষভাগে দলকে সুবিধাজনক অবস্থানে রেখে প্যাভিলিয়নে ফিরলেন মুমিনুল হক। তার ২৪৭ বলে ১৬১ রানের অসাধারণ ইনিংসে ছিল ১৯টি বাউন্ডারি।
মুমিনুলের পর সেঞ্চুরি হাঁকান মুশফিকও। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরিতে পৌঁছতে ‘মি. ডিপেন্ডেবল’ খেলেন ১৮৭ বল। হাঁকান ৮টি বাউন্ডারি। মুমিনুল আউট হওয়ার পর ৬ ওভার বাকী থাকায় অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তে উইকেটে আসেন ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম। ৪ রান করে জার্ভিসের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে। রিভিউ জিতে তাইজুলকে প্যাভিলিয়নে পাঠায় জিম্বাবুয়ে। দিনের বাকী সময়টা দুই ভায়রা-ভাই মুশফিক-মাহমুদউল্লাহ নিরাপদে কাটিয়ে দেন।
সিলেট টেস্টের মতো ঢাকা টেস্টেও বাংলাদেশ দলে দেখা গেছে নতুন মুখ। অভিষেক হয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া সৈয়দ খালেদ আহমেদ এবং ওয়ানডে স্পেশালিস্ট মোহাম্মদ মিঠুনের। এছাড়া দীর্ঘ ৯ মাস পর সাদা পোশাকে ফিরেছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এই তিনজনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার আবু জায়েদ চৌধুরী, বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আরিফুল হক, মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, ব্রায়ান চারি, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেজিস চাকাভা, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাটারা।


