ফাতাহ যুবাইদ : ইশকে সুবহানাল্লাহ নামে একটি টিভি সিরিয়াল নিয়ে ভারতের মুসলমানদের মধ্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। এ সিরিয়াল বিতর্ক নতুন করে মুসলমানদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক স্বারকলিপিতে এ অভিযোগ উঠে এসেছে।
ভারতের উত্তর প্রদেশে দেওবন্দ থানার প্রসিদ্ধ মহিলা মাদরাসা জামিআ ইলহামিআর পরিচালক মুহতারামা খুরশিদাহ খানমের নেতৃত্বে মহিলাদের একটি প্রতিনিধি দল এ অভিযোগ দায়ের করেন। দেওবন্দ থানার এ ডি এম রাম লাস ইয়দোর হাতে দেয়া এক স্বারকলিপিতে অভিযোগ করে বলা হয়, এ সিরিয়ালে চলমান বিতর্কিত ইস্যু ‘তিন তালাক’কে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অচিরেই এ সিরিয়াল বন্ধ করতে হবে।
স্বারকলিপিতে তারা বলেন, তিন তালাক নিয়ে দেশের রাস্তা থেকে পার্লামেন্ট পর্যন্ত অস্থিরতা বিরাজ করছে। এ মুহূর্তে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলামের স্পর্শকাতর বিষয় নিয়ে এ ধরনের কর্মকাণ্ডে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভারতে গণমাধ্যমে খুরশিদা খানম আরও বলেন, তিন তালাক মুসলমানদের নিজস্ব বিষয়। ভারতের আইনে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। তাই ধর্মীয় বিষয় নিয়ে নতুন বিতর্ক কাম্য নয়।
সূত্র : আজিজুল হিন্দ, আখবারে মাশরিক, ভারত
গ্রন্থনা : শেখ মুহাম্মদ ও নাইম ইসলাম, সম্পাদনা : মাসউদুল কাদির


