ইসরাইলকে যুদ্ধাপরাধের সতর্কতা জাতিসঙ্ঘের

ইসরাইলকে যুদ্ধাপরাধের সতর্কতা জাতিসঙ্ঘের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুক্রবারের (৭ মে) হামলা ও পূর্ব জেরুসালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ঘটনায় ইসরাইলি বাহিনীকে যুদ্ধাপরাধের সম্পৃক্তে সতর্ক করেছে জাতিসঙ্ঘ। জেনেভায় জাতিসঙ্ঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রুপার্ট কোলভাইল শুক্রবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে এই সতর্কতা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে প্রত্যাশা করি, পূর্ব জেরুসালেম অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অন্তর্ভুক্ত থাকবে যার ওপর আন্তর্জাতিক মানবিক আইন প্রয়োগ করা হবে।’

পূর্ব জেরুসালেমে শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইলি বসতি স্থাপনের ঘটনায় ইঙ্গিত করে কোলভাইল বলেন, দখলদার শক্তি দখল ভূমির কোনো ব্যক্তিগত সম্পত্তি জব্দ করতে পারে না। আন্তর্জাতিক আইন অনুসারে দখল ভূমিতে বেসামরিক নাগরিক স্থানান্তর বেআইনি এবং তা যুদ্ধাপরাধ তুল্য।

জেরুসালেমে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ জানিয়েছে। শুক্রবার (৭ মে) মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে বলন, ‘এই সহিংসতার কোনো অজুহাত নেই, রমজানের শেষের দিনগুলোতে এই রক্তপাত বিশেষভাবে শান্তিভঙ্গের কারণ। এর মধ্যে শুক্রবার (৭ মে) ইসরাইলি সৈন্যদের ওপর হামলা এবং পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর বদলি হামলা অন্তর্ভুক্ত, যার কোনো অস্পষ্টতা ছাড়াই আমরা নিন্দা জানাচ্ছি।’

এছাড়া হামলা ঘটনায় তুরস্ক, সৌদি আরব, মিসর, কুয়েত ও ইরান প্রতিবাদ জানিয়েছে।

এর আগে শুক্রবার (৭ মে) রমজানের শেষ জুমায় হাজার হাজার ফিলিস্তিনি মসজিদুল আকসায় জড়ো হন। জুমার নামাজ শেষে তারা সেখানেই অবস্থান নিয়ে জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় বাস করা ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে ইসরাইলি আদালতের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকেন।

মসজিদুল আকসায় বিক্ষোভকারী ফিলিস্তিনিদের তারাবির নামাজ আদায়কালে ইসরাইলি পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে স্টান গ্রেনেড নিক্ষেপ করে। এই সময় ফিলিস্তিনিরা পুলিশকে পাথর ও জুতা নিক্ষেপ করতে থাকলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে।

উল্লেখ্য, গত ২৫ এপ্রিল জেরুসালেমের ইসরাইলি ডিস্ট্রিক্ট কোর্ট শেখ জাররাহ মহল্লা থেকে ছয় ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করে তাদের বাড়ি ইসরাইলি নাগরিকদের কাছে হস্তান্তরের আদেশ দেয়। ওই আদেশের পর থেকেই জেরুসালেমসহ পুরো ফিলিস্তিনে অস্থিরতা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *