পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্ব ও বসতি স্থাপন বন্ধের দাবি জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানায়। তাছাড়া জাতিসংঘের ২৩৩৪ নং প্রজ্ঞাপন বাস্তবায়নের মাধ্যমে ইসরায়েলে সহিংসতা ও অবৈধ বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরো জানানো হয় যে, সাম্প্রতিক সময়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ স্থাপনা কেবল ফিলিস্তিনের নিরীহ জনগনকে সহিংসতায় ফেলছে না, বরং ইসরায়েলের ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনের জমি আরো বেশি দখল করার পাঁয়তারা করছে।
ইসরায়েলের দখলদার সেনারা নাবলুস শহরের পূর্ব, পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনের সরকারি ও বেসরকারি স্থাপনায় ধ্বংস করে নিজেদের বসতি স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করছে।
বিবৃতিতে ইসরায়েল সরকার ও ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয়। ইসরায়েলের সহিংস স্থাপনের জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয় বিবৃতিতে। চলমান সহিংসতা বন্ধে দ্বিরাষ্ট্রীয় আলোচনার ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার কথা বলা হয়।
/এএ


