ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের শপথগ্রহণ সম্পন্ন
পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা এখনো বসে নেই। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নীতির পরিবর্তন ঘটাতে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার তিনি আহবান জানান।
রোববার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের নব ঘোষিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম কবির-এর সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দীন ও ইসলামী শ্রমিক আন্দোলনের সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান প্রমুখ।


