পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২০৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৯৪ জন এবং ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ জন।
শনিবার (৭ আগস্ট) বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (৬ আগস্ট সকাল ৮টা থেকে ৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ২০৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় নতুন ১৯৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১০ জন।
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমােট ভর্তি হওয়া রােগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৭ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৫৮ জনসহ অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমােট রােগী ভর্তি হয়েছে ৩৯ জন।
এর আগে শুক্রবার (৬ আগস্ট) দেশে ডেঙ্গু শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২১৪ জন, বৃহস্পতিবার ২১৮ জন, বুধবার ২৩৭ জন, মঙ্গলবার ২৬৪ জন এবং গত সোমবার সর্বোচ্চ ২৮৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।


