পাথেয় রিপোর্ট : একশো পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন কোথাও হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেন, এবারের নির্বাচন চ্যালেঞ্জ মোকাবেলার নির্বাচন। তাই সবাইকে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। জনগণকে এমন কোনো নির্বাচন দিতে চাই না, যার জন্য জনগণের কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয় ইসিকে।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আসন্ন নির্বাচন উপলক্ষে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কবিতা খানম আরও বলেন, একেশা পার্সেন্ট সুষ্ঠু নির্বাচন হবে এটা পৃথিবীর কোনো দেশে হয়নি। আমাদের দেশেও হবে না। একটা গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, যেটা প্রশ্নের ঊর্ধ্বে থাকবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দেশে নির্বাচনী হাওয়া বইছে। এই হাওয়া যেন কোনোভাবেই বৈরী না হয়, এ নির্দেশনা কমিশন থেকে থাকবে। আপনাদের সেটা প্রতিপালন করতে হবে।
সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিং সেশনের সমাপনী দিনের বক্তব্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানান, ১৮ নভেম্বরের মধ্যে নির্বাচনের সব ধরনের ব্যানার পোস্টার নামিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত নির্বাচনী হাওয়া যেন বৈরি হাওয়া না হয় নির্বাচনী কর্মকর্তাদের সেই নির্দেশও দিয়েছেন ইসি সচিব। এবারের নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ তাই নির্বাচনকে উৎসবমুখর করার জন্য সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের অডিটরিয়ামে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এদিন ব্রিফিংয়ে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের সহকারী রিটানিং কর্মকর্তারা অংশ নেন।
এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে সভাপতির বক্তব্যে হেলালুদ্দীন আহমদ বলেন, কোথায় প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হবে সেটা এখন থেকে ঠিক করে রাখতে হবে। এবং যেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে এখন থেকে ঠিক করে রাখতে হবে।
যেখান থেকে নির্বাচনী মালামাল সরবরাহ করা হবে। সেখানে নিরাপত্তা জোরদার এখন থেকেই করতে হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন ইসি সচিব।
হেলালুদ্দীন আহমদ সচিব বলেন, বুধবার নয়াপল্টনে শোডাউনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটা যেন আর পুনরাবৃত্তি না হয়। আচরণবিধি ঠিকভাবে যেন পালন হয় সেদিকে আপনারা নজর রাখবেন।


