পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনের সর্বভারতীয় সভাপতি মাওলানা মাহমুদ মাদানীর নেতৃত্বে এ আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয়।
শুধু মামলা করেই থেমে থাকছে না জমিয়ত। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিতর্কিত আইনের প্রতিবাদে সারা দেশজুড়ে এক কোটি স্বাক্ষর সংগ্রহের অভিযান শুরু হয়েছে। এসব স্বাক্ষর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে আইনের বিরুদ্ধে জনগণের অবস্থান তুলে ধরা হবে।
জমিয়তের কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে মাওলানা মাহমুদ মাদানী বলেন, “ওয়াকফ আইন সংখ্যালঘু সমাজের ওপর এক ধরনের অন্যায় চাপিয়ে দিচ্ছে। এ আইন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে আন্দোলন চালিয়ে যাব।”
বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুফতি আব্দুস সালাম। তারা জানিয়েছেন, রাজ্য এবং জেলা পর্যায়েও স্বাক্ষর সংগ্রহ এবং জনমত গঠনের কাজ জোরদার করা হচ্ছে।
মুর্শিদাবাদ জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম এবং সম্পাদক মুফতি রায়হানুল ইসলাম মাঠপর্যায়ে এ আন্দোলনকে ছড়িয়ে দিতে নেতৃত্ব দিচ্ছেন। তাঁদের ভাষ্য, “ওয়াকফ সম্পত্তির সুরক্ষা ও সংখ্যালঘু অধিকার প্রতিষ্ঠার লড়াই কোনোভাবেই থামবে না।”


