পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের সংক্রমণের প্রাবল্যের দিক থেকে আমেরিকা সবার আগে। এখন পর্যন্ত দেশটির করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ৮৯ হাজার ৬২৪ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে মারা গিয়েছেন ৩৫ জন বাংলাদেশি। সর্বশেষ গত একদিনে আমেরিকাতে মারা গিয়েছেন পাঁচ বাংলাদেশি।
মঙ্গলবার (৩১ মার্চ) নিউইয়র্কে যারা মারা গেছেন তারা হলেন- বিএনপির নেতা তানভীর হাসান, মুনিম চৌধুরী, নুসরাত মজুমদার ও সুরুজ খান। এছাড়া, নিউজার্সির প্যাটারসনে ৭২ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম জানা যায়নি।
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় এই অঙ্গরাজ্যে আরও ৪৯৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭১৪। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে অন্তত ৯ হাজার ২৯৮ জন। এ নিয়ে ওই অঞ্চলে কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭৯৫।
আমেরিকার গণমাধ্যমের খবর বলা হয়েছে, নিউইয়র্ক নগরের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রায় প্রতিটি পরিবারের কেউ না কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছেন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচারে অনেকেই আতঙ্কে ভুগছেন।
জনস হপকিনস করোনাভাইরাস রিসার্চ সেন্টারের হিসাব অনুযায়ী- আমেরিকায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৬২৪ জন। এর মধ্য দিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় আমেরিকা চীনকেও ছাড়িয়ে গেল। করোনার উৎসভূমি হিসেবে পরিচিত চীনে মৃতের সংখ্যা ৩ হাজার ৩১০ জন।


