পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার সংক্রমণে আক্রান্ত বিশ্বের ২শটি দেশ। আক্রান্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতও। সংক্রমণ ঠেকাতে দেশটিতে চলছে নিরবচ্ছিন্ন ২১ দিনের লকডাউন। সামাজিক দূরত্ব নিশ্চত করতে পথে নামানো হয়েছে আইন শৃংখলা বহিনীকে। এর মধ্যেও দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৩৫ জন। মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ৬১১ জন।
ভারতে কার্যত দ্রুতগতিতে আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আজ সকালের এক পরিসংখ্যানে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৭২টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, মানুষজন সহযোগিতা না করার জন্য আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
ভারতের দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে ১২০ জন আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে মঙ্গলবার (৩১ মার্চ) ৭২ টি নয়া সংক্রমণ হওয়ায় সেখানে ৩০২ জন আক্রান্ত হয়েছে। কেরালাতে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৪১ হয়েছে। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১২৪। এদেরমধ্যে ৫০ জন সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনের তাবলিগ জামাতের মারকাজের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
অন্য রাজ্যগুলোরে মধ্যে কর্ণাটকে ১০১, উত্তর প্রদেশে ১০১, রাজস্থানে ৯৩, তেলেঙ্গানায় ৯২, গুজরাটে ৭৪, মধ্য প্রদেশে ৬৬, জম্মু-কাশ্মীরে ৫৫, হরিয়ানায় ৪৩, পাঞ্জাবে ৪১, অন্ধ্র প্রদেশে ৪০, পশ্চিমবঙ্গে ২৭, বিহারে ২১, চন্ডীগড়ে ১৩, লাদাখে ১৩, আন্দামান-নিকোবারে ১০, ছত্তিশগড়ে ৮, উত্তরাখণ্ডে ৭, গোয়ায় ৫, হিমাচল প্রদেশে ৩, উড়িষ্যায় ৩। এছাড়া অসম, ঝাড়খণ্ড, মণিপুর, মিজোরাম এবং পুদুচেরিতেও কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।


