পাথেয় টোয়েন্টিফোর ডটকম: কাজাখস্তানে একটি কয়লাখনিতে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৫ জন মারা গেছে। খনির পরিচালনাকারী লুক্সেমবার্গভিত্তিক ইস্পাত প্রস্তুতকারকের স্থানীয় ইউনিট আর্সেলরমিত্তাল তেমিরতাউ শনিবার এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি একটি বিবৃতিতে বলেছে, কোস্টেনকো খনিতে ২৫২ জনের মধ্যে ২০৬ জনকে মিথেন বিস্ফোরণের পর সরিয়ে নেওয়া হয়েছিল এবং ১৮ জনের চিকিৎসা সহায়তা দরকার ছিল। স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত প্রায় ২১ জনের সন্ধান পাওয়া যায়নি।
কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট টোকায়েভ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং ২৯শে অক্টোবর জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। পাশাপাশি তার মন্ত্রিসভাকে আর্সেলরমিত্তাল তেমিরতাউয়ের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছেন।
সরকার একটি বিবৃতিতে বলেছে, তারা দেশের বৃহত্তম ইস্পাত মিল পরিচালনাকারী কম্পানিটিকে জাতীয়করণের জন্য একটি চুক্তি চূড়ান্ত করছে। আর্সেলরমিত্তাল তার নিজস্ব বিবৃতিতেও বিষয়টি নিশ্চিত করেছে।
এ ছাড়া গত মাসে দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী রোমান স্ক্লিয়ার সাংবাদিকদের বলেছিলেন, কাজাখস্তান সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করছে, যারা মিলটির দায়িত্ব নিতে পারে।
তিনি আরো বলেছেন, আর্সেলরমিত্তাল তার বিনিয়োগের বাধ্যবাধকতা পূরণ করতে, যন্ত্রপাতি হালনাগাদ করতে এবং একাধিক মারাত্মক দুর্ঘটনার পর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় মন্ত্রিসভা অসন্তুষ্ট।
সূত্র : রয়টার্স


