পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি আরেকটি ওয়ান ইলেভেন সৃষ্টির দুঃস্বপ্ন দেখছে, এমনটা মনে হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি আর কখনোই হবে না। কয়েকটি সমাবেশ করেই সরকার পড়ে যাবে, যারা এমনটা ভাবেন তারা বোকার স্বর্গে বাস করছেন বলেও মন্তব্য করেন তিনি ।
সোমবার (১৭ অক্টোবর) তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি নেতাদের উদ্দেশে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, “আওয়ামী লীগ জলের স্রোতে ভেসে আসা কোনো দল নয়। এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে প্রোথিত আওয়ামী লীগের শেকড়।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে উচ্চ আদালত, এটি আওয়ামী লীগ সরকারের কোনো সিদ্ধান্ত নয়– বিএনপি মহাসচিবকে একথা আবারও মনে করি দিয়ে কাদের আরও বলেন, “২০৪১ সাল পর্যন্ত কে ক্ষমতায় থাকবে, কে থাকবে না তা একমাত্র আল্লাহ এবং দেশের জনগণ জানেন। আওয়ামী লীগ ভোটের রাজনীতিতে বিশ্বাসী, জনগণের আস্থার প্রতি শ্রদ্ধাশীল।”
দেশের মানুষ চাইলে আওয়ামী লীগ সরকার গঠন করবে, না চাইলে করবে না উল্লেখ করে তিনি বলেন, “এ সৎ সাহস শেখ হাসিনার আছে। ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়। জনগণের কল্যাণে কাজ করলে জনগণ কখনও কাউকে বিমুখ করে না। আর সেজন্য আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে জনমানুষের রাজনীতি করে আসছে।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাস করে না, “ষড়যন্ত্র, হত্যা, আগুন সন্ত্রাসের রাজনীতি করে বিএনপি।”
বিএনপিকে একটি অকৃতজ্ঞ দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “তাদের নেত্রীকে নির্বাহী আদেশে মুক্ত করে বাসায় থাকার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেই মানবিকতা ও কৃতজ্ঞতাবোধও তাদের নেই। বিএনপি বিরোধিতার খাতিরে বিরোধিতা করে এমন দাবি করে কাদের বলেন, সরকার যে কাজই করুক বিচার-বিবেচনা না করে বিএনপি অন্ধ সমালোচনা শুরু করে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও বলেন, দুনিয়ার কোথাও যা নেই তা নিয়ে কেন বিএনপি অহেতুক বিতর্কের সৃষ্টি করে। সংবিধান অনুযায়ী পরবর্তী জাতীয় নির্বাচন হবে। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো জনগণের জন্য রাজনীতি করলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে।
আন্দোলন ও নির্বাচনে টানা ব্যর্থতার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলের মহাসচিবের পদ থেকে পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।


