কারাগারে ভাই-বোনের সাক্ষাৎ: খালেদা জিয়া সুস্থ আছেন

কারাগারে ভাই-বোনের সাক্ষাৎ: খালেদা জিয়া সুস্থ আছেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করে এলেন তার ভাই-বোনসহ ৪ স্বজন। শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে তার ছোট ভাই শামীম এস্কান্দার, তার সহধর্মিণী কানিজ ফাতেমা ও ছেলে অভিক এস্কান্দার এবং খালেদা জিয়ার বোন সেলিনা ইসলাম কারাগারে প্রবেশ করেন। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে কারাগারে স্বজনদের প্রবেশ করানো হয়। এর পর বেলা ৫ টার দিকে তারা বের হয়ে ওই এলাকা ত্যাগ করেন। তবে এই সময় কারাগারের সামনে অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাদের দেখা হয়নি। এর আগে বেলা ৩ টার দিকে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর তারা কারাগারে প্রবেশ করেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর আলম জানান, বিকেল ৩টা ৩৫ মিনিটে ওই ৪ জন সাবজেলে প্রবেশ করেন।

খালেদা জিয়ার স্বজনদের বাসা থেকে কারাফটকে নিয়ে আসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তিনি জানান, স্বজনদের সঙ্গে ৫৫ মিনিট কথা বলেন বিএনপির চেয়ারপারসন। তবে বেরিয়ে আসার পর গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেননি স্বজনরা। হেলাল জানান, কারা কর্তৃপক্ষের কারণে গণমাধ্যমের মুখোমুখি হননি তারা। জানান, স্বজনদের বিএনপির চেয়ারপারসন জানিয়েছেন তিনি ভালো আছেন ও সুস্থ আছেন। এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের গণমাধ্যম শাখা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত বৃহস্পতিবার দুপুরে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান রায়। রায়ে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ বাকি ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে তাকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার সাথে দেখা করেন স্বজনরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *