পাথেয় রিপোর্ট : ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে পাহারাদার নিয়োগের নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে বিএনপি, এটা সহ্য করা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন। তিনি বলেন, কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত লোক পাহারা দেওয়ার অর্থ কি?
বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এসথেটিকা ডারমাটোলজিস্টদের আন্তর্জাতিক এক সেমিনারের আগে নির্বাচনে বিএনপির ভোটকেন্দ্র পাহারা দেয়ার ঘোষণা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে আমরাও যদি কেন্দ্রে কেন্দ্রে তিনশত থেকে পাঁচশত লোকের ব্যবস্থা করি, অবস্থাটা কী হবে?
‘তাহলে ভোট হবে না গৃহযুদ্ধ হবে? ভোট হবে না ভায়োলেন্স হবে?’
বিএনপির আন্দোলনের হুমকিকে কিভাবে দেখছেন জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গত দশ বছরে বিএনপির আন্দোলনের সমুদ্রের উত্তাল ঢেউ তো দুরের কথা, কোথাও একটা ছোট ঢেউও দেখলাম না। ফখরুল সাহেবরা স্বপ্ন দেখতেই পারেন। কারণ, জনগণের ওপর যদি তাদের আস্থা থাকে তাহলে তারা কিভাবে অবিরাম আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন?’
জামায়াত নিবন্ধন হারালেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এ প্রসঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জামায়েতে ইসলামী তাদের (বিএনপির) জোটে আছে। বিএনপি তাদের এই জানের-জান দোস্তকে কখনও হারাতে চায় না। কখনও এই বন্ধুত্বে ফাটল ধরবে না। ‘কারণ… আওয়ামী লীগকে ঠেকাতে হলে জামায়েতের সেই জঙ্গি শক্তিটা দরকার আছে। তাদের ছাড়বে না এটাই স্বাভাবিক।’
কাদের বলেন, বিএনপি ঐক্যফ্রন্ট যেভাবে ভাষায় কথা বলছে, সেটা কিন্তু সংঘাতের উস্কানি হচ্ছে। যা নির্বাচনের বর্তমান সুষ্ঠু পরিবেশকে বিঘ্নিত করবে, নষ্ট করবে এবং তারা কেন্দ্রে পাহারাদার নিয়োগের নামে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে, এটা সহ্য করা যায় না।’
সেতুমন্ত্রী কাদের বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, অবিরাম তারা এগ্রেসিভ ভাষায়, আক্রমণাত্মক ভাষায় কথা বলছে। নির্বাচন গণতন্ত্র তাদের ভাষায় নেই। আজকে দেশের জনগণ একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়। বিএনপি আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশকে নষ্ট করছে। এটাই আমার প্রশ্ন কেন তারা এমন করছে?’
‘দেশের জনগণ যখন একটি শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা বলছে, তখন বিএনপি নেতারা আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে নির্বাচনের সুন্দর পরিবেশকে নষ্ট করছে,’ বলেন ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে যে অভিযোগ বিএনপি করছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সেতুমন্ত্রী বলেন, এটা ইসিকে জিজ্ঞাসা করুন, আমার দৃষ্টিতে কোনো পক্ষপাতমূলক আচরণ পাচ্ছি না। বরং আমরা কিছু অভিযোগ করেছি, তারা (ইসি) বলেছে না, আরপিও কাভার করে না।
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের হয়রানিমূলক মামলায় গ্রেফতারের অভিয়োগ অস্বীকার করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, মনোনয়নপ্রত্যাশীরা যদি পল্টনে… নৃত্য করতে করতে পুলিশের গাড়ির ওপর চড়াও হয়, পুলিশের গাড়ি পুড়িয়ে ফেলে, পুলিশের ওপর হামলা করে, তারা কি নিরপরাধ? তারা যদি প্রার্থীও হয়, তাহলে কি ক্ষমা করা যাবে?
ঐক্যফ্রন্টের নেতৃত্ব বিএনপির হাতে যাচ্ছে- এমন গুঞ্জনের প্রসঙ্গ টেনে কাদের বলেন, এখানে ঐক্যফ্রন্ট কোনো বিষয় নয়। ঐক্যফ্রন্ট জাস্ট একটা অ্যালায়েন্সের।
‘যেহেতু তাদের (বিএনপি) নেত্রী-নেতা দণ্ডিত, তাদের চেয়ারপারসন কারাগারে, এই অবস্থায় কামাল হোসেনকে তারা ব্যবহার করছে এবং আরও কিছু কিছু নিয়ে আসছে।’
সেতুমন্ত্রী বলেন, আজকে এই ঐক্যফ্রন্টের চালিকাশক্তি হচ্ছে বিএনপি এবং এই ঐক্যফ্রন্টের সকল কর্মকাণ্ডের নির্দেশনা আসছে লন্ডন থেকে। লন্ডন থেকে তারেক রহমান যে নির্দেশ দিচ্ছে তার অঙ্গুলি হেলানে আজকে ঐক্যফ্রন্ট চলছে, এটা হল বাস্তবতা।


