কোস্টগার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কোস্টগার্ডের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মোংলায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার জয়মণি ঘোল জেলেপল্লি ও তৎসংলগ্ন এলাকায় এই সেবা দেয়া হয়। এতে দুই শতাধিক অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়।

কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তাসহ বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। এসব অঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা অপ্রতুল। তাই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্টগার্ড। এরই ধারাবাহিকতায় বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেডিকেল অফিসার সার্জন লে. কমান্ডার রাশেদ জামান এএমসিসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অবৈধ মৎস্য আহরণ, মাদক ও মানব পাচার রোধ, অবৈধ জালের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা, নৌযান ও নৌপথে জানমালের নিরাপত্তার বিষয়ে স্থানীয় মৎস্যজীবীদের জন্য জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়।

এতে স্থানীয় প্রশাসন, বন বিভাগের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Related Articles