পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতির কাছে ক্ষমা চেয়ে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই আইন বাতিলের দাবিতে গত একবছর ধরে আন্দোলন করছিলেন দেশটির কৃষকরা। শুক্রবার (১৯ নভেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মোদি বলেছেন, জাতির কাছে ক্ষমা চাওয়ার সময় আন্তরিক ও বিশুদ্ধ চিত্তে বলতে চাই যে হয়তো আমাদের তপস্যায় কোনো খামতি ছিল। কৃষক ভাইদের কাছে সুস্পষ্ট সত্যও সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি। আমরা তিনটি কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।
বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা। বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক। কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি।


