খাদিমানির জবাবে কী বললেন চরমোনাই পীর
নিজস্ব প্রতিবেদক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক ও আঙ্গুরা মুহাম্মাদপুর মাদরাসা সিলেটের সিনিয়র মুহাদ্দিস মাওলানা ফয়জুল হাসান খাদিমানীর ধনুকের তীরের জবাবে তীর ছুড়লেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমি কখনোই ফরিদাবাদ মাদ্রাসায় পড়িনি। জনৈক আলেম আমার সম্পর্কে অনেক কথা বলেছেন যে আমি ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি এবং ক্লাসে পাশ করতে পারিনি অথচ আমি কোনদিন ফরিদাবাদ মাদ্রাসায় পড়িনি। যে সেসব আলেমদের উদ্বৃতি দিয়েছেন তাদের অনেককে আমি চিনি না এবং তাদের সামনে কোন দিন বসিনি।
২ এপ্রিল কুষ্টিয়া ফজলুল উলুম মাদ্রাসার খতমে বোখারী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একজন আলেমের মিথ্যাচার নিয়ে বিস্ময় প্রকাশ করে চরমোনাই পীর বলেন, ঐ আলেম আমার আব্বাজানসহ আমাদেরকে নিয়ে যে মিথ্যাচার করেছে আমি আশ্চর্য হই একজন আলেম হয়ে কীভাবে এরকম মিথ্যা বলতে পারে।
তিনি বলেন, আমার ওস্তাদ মাওলানা আব্দুর রহিম সাহেব স্বপ্রণোদিত হয়ে একটি ভিডিওর মাধ্যমে বলেছেন যে আমি তাকে পড়িয়েছি আমি জানি সে কেমন ছাত্র, তার আমল কেমন।
নিজের মেধার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমি চরমোনাই মাদরাসার ফাস্ট ছাত্র ছিলাম এবং ফেকাহ বিভাগে প্রথম স্থান পেয়েছি।
বয়ানের করারোপ বিষয়ে পীর চরমোনাই বলেন, ওয়ায়েজিনদের উপর কর আরোপ করা সরকারের ইসলাম বিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ।
বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তিনি আরো বলেন, আমরা কোন তাগুতি শক্তির ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার হতে চাই না । আমরা মনে করি ইসলাম একমাত্র আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেই যাব ইনশাআল্লাহ।


