পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (২ মার্চ) রাত ৭ টার দিকে গাইবান্ধা শহরের রেল স্টেশনের কাছে সরকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বালাশীঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সাহেব গনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ওই নারীর খণ্ডিত ৬ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে।
বিভিন্নভাবে তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। ওই নারী কালো রংয়ের বোরকা, লাল ওড়না ও হিজাব পরিহিত ছিল।


