পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজা শহরের আল-তাবিন স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর আহতদের হাসপাতালে আনা হয়
ইসরায়েলি বাহিনী গাজার উত্তর বেইত লাহিয়ার অবরুদ্ধ কামাল আদওয়ান হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে বোমা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে আটজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালের চারপাশে বিস্ফোরক বহনকারী দূরনিয়ন্ত্রিত যানবাহন মোতায়েন করেছে এবং সেগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে। এতে আশপাশের বিল্ডিংগুলো ধ্বংস হয়ে যায়। চিকিৎসা পরিষেবার মধ্যে বিস্ফোরকের টুকরো পড়ে রোগীরা আহত হয়েছেন।
গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের অবরোধ শুরুর পর থেকে কামাল আদওয়ান হাসপাতাল বারবার হামলার শিকার হয়েছে।
আল জাজিরার মোথ আল-কাহলুত হাসপাতাল থেকে রিপোর্ট করেন, ইসরায়েলি সামরিক বাহিনী হাসপতালের মাঠের কাছে বিস্ফোরক রোবট ব্যবহার করেছে। রাতে সেগুলো বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণগুলো আশপাশের ভবনগুলিকে ধ্বংস করেছে এবং রোগীদের আতঙ্কিত করেছে।
অপরদিকে গাজায় আল জাজিরা আরবি সংবাদদাতা রিপোর্ট করেছেন যে মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহতে একটি তাঁবুতে বোমা হামলা করেছে ইসরায়েলি ড্রোন। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন। এতে দুজন নিহত এবং অন্যরা আহত হয়েছে।
হামাস বলেছে, ইসরায়েল নতুন শর্ত স্থাপন বন্ধ করলে যুদ্ধবিরতি চুক্তি সম্ভব।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, একটি চুক্তি আগের চেয়ে কাছাকাছি।
জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলেছে যে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও অপ্রতিরোধ্যভাবে উত্তর গাজায় ত্রাণ মিশন অস্বীকার করছে। খাদ্য ও পানি বহন করা তিনটি সাহায্য কনভয় মঙ্গলবার ফিরিয়ে দেওয়া হয়েছিল।
সূত্র: আল জাজিরা


