পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ভটভটিতে থাকা পাঁচ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিন জন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত ৯টার দিকে কাশিয়ানী উপজেলার কাঠামদরবস্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুজন মৃধা, অমৃত বিশ্বাস, প্রতি দাস, হিরামন বিশ্বাস ও রাজ্জাক বিশ্বাস। তাদের সবার বাড়ি উপজেলার পারুলিয়া ইউনিয়নের পারুলিয়া গ্রামে।
আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। কনস্ট্রাকশনের কাজ শেষে ওই শ্রমিকরা ভটভটিতে করে কাঠামদরবস্ত রেল ক্রসিং পার হচ্ছিলেন। ওই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেন ভটভটিটিকে ধাক্কা দেয়।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক আবুল কালাম আজাদ পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ইউনিয়নের কাঠামদরবস্ত বাজার থেকে নির্মাণ কাজ শেষে শ্রমিকরা মিক্সার মেশিন নিয়ে পারুলিয়া ইউনিয়নের দিকে যাচ্চিলেন। এ সময় কাঠামদরবোস্ত রেল ক্রসিং পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি মিক্সার মেশিনে ধাক্কা দেয়। এতে ট্রেনে কাটা পড়ে পাঁচ শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো তিনজন।
তিনি বলেন, আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
কাশিয়ানীর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেছেন, নসিমনে ১৫/১৬ জন শ্রমিক ছিলেন। নিহতদের পরিবারের দাফন কাফনের জন্য ১০ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়েছে। আহত একজনকে ফরিদপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী কাঠামদরবস্ত গ্রামের শামচুল হক খানের ছেলে ব্যবসায়ী হাসান খান বলেন, ঘটনার সময় তিনি রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন চালাচ্ছিলেন। তখন তিনি প্রথম ট্রেনের আলো দেখে তাদের কলাপাতা দিয়ে নেমে যাওয়ার জন্য সংকেত দেন। তখন নসিমনের পিছন থেকে পাঁচজন নেমে যান।


