গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গোপালগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সহিদুল মোল্লাকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

রোববার দুপুরে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক হায়দার আলী খোন্দকার এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পালতক ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার মোচড়া গ্রামের রাঙ্গা মোল্লার ছেলে সহিদুল মোল্লার সাথে একই গ্রামের মো: ছমির গাজীর মেয়ে লাভলী বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকে সহিদুল মোল্লা লাভলী বেগমকে যৌতুকের দাবিতে নির্যাতন করে আসছিলো। ২০১৪ সালের জুলাই মাসে পুনরায় যৌতুকের জন্য চাপ দিলে লাভলী বেগম ঢাকায় চলে যান ও গার্মেন্টসে চাকরি নেন। পরে সহিদুল লাভলীর পরিবারের হাতে পায়ে ধরে তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে‌ আনার কিছুদিন পর সহিদুল আবার লাভলীর কাছে ২ লাখ টাকা যৌতুক দাবি করেন। এতে লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে লাভলীকে নিয়ে বাড়ি‌র পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।

পরদিন ২১ নভেম্বর সকালে ঘটনাস্থল থেকে পুলিশ লাভলী বেগমের মরদেহ উদ্ধার করে। ওইদিনই নিহতের বাবা ছমির গাজী জামাই সহিদুল মোল্লাসহ ৭ জনকে আসামি করে হত্যা মামলা করেন। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ৬ আসামিকে বাদ দিয়ে সহিদুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করেন।

মামলাটি সরকারপক্ষে পরিচালনা করেন স্পেশাল পিপি রঞ্জিত কুমার বাড়ৈ ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন পিযুষ কুমার চন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *