চট্টগ্রাম সমুদ্রবন্দরের নতুন রেকর্ড

চট্টগ্রাম সমুদ্রবন্দরের নতুন রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের অপারেশনাল ইতিহাসে এক নতুন মাইলফলক অর্জিত হয়েছে। বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) এক দিনে সর্বোচ্চসংখ্যক কনটেইনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড গড়েছে বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও টার্মিনাল অপারেটর চিটাগাং ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনায় নির্ধারিত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৭০৯ টিইইউস (২০ ফুট কনটেইনার ইউনিট) কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়। এটি এনসিটি টার্মিনালের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড।

এর আগে গত ১১ এপ্রিল এনসিটি টার্মিনালে ৫ হাজার ৪৮৪ টিইইউস কনটেইনার হ্যান্ডলিংয়ের মাধ্যমে আগের রেকর্ডটি গড়া হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল বন্দর কর্তৃপক্ষ।

শুধু এনসিটি নয়, একই সময়ে চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১০ হাজার ১৬২ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এটি বন্দরের সামগ্রিক সক্ষমতা ও কার্যক্রমের বিশাল অগ্রগতির বহিঃপ্রকাশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘এই অর্জন বাংলাদেশের সমুদ্রপথে বাণিজ্য সম্প্রসারণ এবং বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। নিউমুরিং কনটেইনার টার্মিনালের এই রেকর্ড ব্রেকিং পারফরম্যান্স দেশের অর্থনীতিতে গতির সঞ্চার করবে। এই গৌরবময় অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, টার্মিনাল অপারেটর এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীসহ সকল স্টেকহোল্ডারদের অভিনন্দন জানাচ্ছি।’

এ সময় তিনি প্রখর রোদ ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমকেও এই অর্জনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

Related Articles