নিজস্ব প্রতিবেদক : দেশের মাধ্যমিক স্কুলে ছাত্রলীগের কমিটি গঠনের নির্দেশ আসার এক মাসের মধ্যেই তা বাতিলের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ।দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই ধরনের কমিটির কোনো দরকার আছে বলে মনে করেন না তিনি। এগুলো সমালোচনা বাড়াবে। সমালোচনা ডেকে আনার দরকার নেই স্কুল কমিটি করে। ছেলে মেয়েদের পিঠের উপর বই-পুস্তকের বোঝা, বাচ্চাগুলোকে দেখলে মনে হয় যেন মরুভূমির পথ বেয়ে চলছে। তারপর আবার রাজনীতির আরেক বোঝা। দরকার নেই এসবের। তবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে, থাকতে হবে।
আজ শনিবার দুপুরে বাংলা একাডেমিতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ছাত্রলীগের আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, কিছু কিছু বিশৃঙ্খলা যা ঘটে সে ব্যাপারে ছাত্রলীগকে সতর্ক থাকতে হবে। এটা নির্বাচনের বছর। যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে। কেউ কেউ অপকর্ম করবে আর সেটার দায় নেবে দল? সেটা হয় না। তাই বলি স্কুল পর্যায়ের কমিটি করার দরকার নেই। তিনি বলেন, অনেক ছাত্রলীগের ছেলে আছে এখন জেলে। কারো কারো যাবজ্জীবন জেল হয়েছে। কারো ফাঁসি পর্যন্ত হয়েছে। কিন্তু বিএনপির আমলে তাদের দলের কোনো নেতাকর্মীর কোনো বিচার হয়েছে? আমাদের লোকেরা অপকর্ম করে। সেই অপকর্মের ফলও ভোগ করতে হয়।
গত ২১ নভেম্বর মাধ্যমিক স্কুলে কমিটি তৈরি করতে সব সাংগঠনিক ইউনিটকে নির্দেশ দেয় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এর পরপরই সারাদেশে সমালোচনা শুরু হয়। তবে এক মাস পর আজ ২৩ ডিসেম্বর শনিবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে কমিটি বাতিলের নির্দেশ দিলেন কাদের।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।


