পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় ঐক্য গড়ে তুলতে দেশের জনগণের অধিকার সুনিশ্চিত করতে হবে মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জাতি এমন এক সময় ‘মহান বিজয় দিবস’ পালন করতে যাচ্ছে, যখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চ্যালেঞ্জের মুখে। দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে। স্বাধীনতার মূল অর্জন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার হারিয়ে জাতি এক অনিশ্চিত গন্তব্যের পথে যাত্রা শুরু করেছে। দেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট থেকে দেশকে উদ্ধার করতে হবে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যেন বিপন্ন হতে না পারে সে জন্য দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে আয়োজিত এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, আলহাজ্ব আমিনুল ইসলাম, আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা, আলহাজ্ব হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেএম আতিকুর রহমান, আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন প্রমুখ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন, গত ৪৯ বছরে বৈশ্বিক সূচকে নেতিবাচক দিক থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও ইতিবাচক দিক থেকে বাংলাদেশকে পিছিয়ে রাখা হয়েছে। এর জন্য ভ্রষ্ট নীতি ও ব্যর্থ নেতৃত্ব উভয়টাই দায়ী। অতএব স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের কাছে পৌছে দিতে এই ব্যর্থ নীতি ও দূর্নীতিগ্রস্থ নেতৃত্বের পরিবর্তন ঘটাতে হবে। ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামী লীগ ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসেছে। তারা জনগণের নয় নিজেদের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছে।
তিনি বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। গত ৪৯ বছরেও মুক্তিযোদ্ধাদের একটি স্বচ্ছ, ক্রটিমুক্ত ও পূর্ণাঙ্গ তালিকা তৈরি না হওয়া এবং ওলামা মুক্তিযোদ্ধাদের নাম না থাকা খুবই লজ্জাজনক। তিনি অবিলম্বে প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বচ্ছ তালিকা তৈরি করার এবং তাদের যথাযোগ্য মর্যাদা প্রদানের দাবী জানান। তিনি বলেন, একটি সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে।


