স্পোর্টস রিপোর্ট ● টানা সপ্তমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টাইটেল স্পন্সর হয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপ। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ এই আসর।
এবারের আসরের নামকরণ করা হয়েছে ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগ ২০১৭-১৮। দুই স্তরে প্রতিদ্বন্দ্বিতা করবে আটটি দল। সোমবার দুপুরে মিরপুরে এক সংবাদ সম্মেলনে স্পন্সর হিসেবে ওয়ালটন গ্রুপের নাম ঘোষণা করে বিসিবি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড এডমিন) এসএম জাহিদ হাসান, ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (ক্রিয়েটিভ অ্যান্ড পাবলিকেশন) উদয় হাকিম, ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ও ওয়ালটন গ্রুপের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিলটন আহমেদ।
বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, আগামী ১৫ সেপ্টেম্বর ১৯তম জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু হতে যাচ্ছে। বরাবরের মতো এবারও ওয়ালটন গ্রুপকে আমরা পাশে পেয়েছি। আগামী বছর পর্যন্ত তাদের সঙ্গে আমাদের চুক্তি রয়েছে। গেল বছরের মতোই হবে টুর্নামেন্ট। টায়ার ওয়ান ও টায়ার টু। প্রথম টায়ারের শেষ দলটি রেলিগেশন প্রাপ্ত হয়ে দ্বিতীয় টায়ারে নেমে যাবে। আর দ্বিতীয় টায়ারের শীর্ষস্থানের দলটি প্রথম টায়ারে উন্নীত হবে। এবার পাঁচটি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হবে।


