পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চিকে আরও চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির জান্তা সরকারের একটি আদালত।
অবৈধভাবে আমদানি করা ওয়াকি-টকি রাখার দায়ে দুই বছর ও করোনাভাইরাস সম্পর্কিত দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বিধিনিষেধ লঙ্ঘনের মামলায় আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আর সোমবার (১০ জানুয়ারি) এই রায় হয়।
বার্তাসংস্থা ডয়েচে ভেলে জানিয়েছে, সু চির বিরুদ্ধে প্রায় ডজনখানেক মামলা রয়েছে, এর সবগুলোতে সর্বোচ্চ সাজা পেলে মিয়ানমারের এই নেত্রীর প্রায় ১০০ বছরের কারাদণ্ড হতে পারে।
তবে নিজের বিরুদ্ধে আনীত সবগুলো অভিযোগই অস্বীকার করে আসছেন নোবেলজয়ী ৭৬ বছর বয়সি অং সান সু চি। বর্তমানে তিনি সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানির মামলায় কারাভোগ করছেন।
মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানা গেছে, এই শাস্তি তিনি যেখানে বন্দি আছেন সেখানে থেকে ভোগ করবেন। তবে সু চিকে কোথায় রাখা রয়েছে তা স্পষ্ট করা হয়নি।
প্রসঙ্গত, মিয়ানমারে গণতান্ত্রিক সরকার উৎখাতে অভ্যুত্থানের পর সামরিক শাসনের বিরুদ্ধে এবং সুচির মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে এ পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৪০০ জন।


