পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ৩০ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ইকরা ঝিল মসজিদ কমপ্লেক্সে শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়। প্রতি মাসের শেষ বৃহস্পতিবার অনুষ্ঠিত এই ইসলাহী মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসলমানদের মিলনমেলা বসে। আত্মশুদ্ধির এই আয়োজন মানুষের অন্তরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করে।
দুপুর গড়িয়ে বিকেল হতেই মসজিদে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যার মধ্যে কয়েকশো মুসল্লির সমাগম ঘটে, চারপাশে তৈরি হয় নূরানী পরিবেশ। আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন, যেন দীর্ঘদিনের বিচ্ছেদ শেষে একত্রিত হয়েছেন। চারদিকে মুখরিত হয়—‘আস সালামু আলাইকুম’, ‘ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম’, ‘আল্লাহুম্মা যিদ মুহাব্বাাতি লিল্লাহি ওয়া রাসূলিহী’-র মতো হৃদয়গ্রাহী দোয়া ও শুভেচ্ছাবার্তায়।
ইবাদত-বন্দেগিতে রাতব্যাপী আত্মশুদ্ধির সাধনা
মাগরিবের পর থেকেই আমল শুরু হয়। সূরা ওয়াকিআ পাঠ এবং ছয় তাসবীহের আমলে মসজিদ মুখরিত হয়ে ওঠে। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর বজ্রধ্বনিতে আকাশ-বাতাস প্রকম্পিত হয়, ‘আল্লাহু আকবার’-এর আওয়াজে হৃদয়ে গেঁথে যায় রাব্বে কারীমের প্রেমের বীজ। এই ইজতেমায়ী আমলে মসজিদজুড়ে সৃষ্টি হয় জান্নাতি পরিবেশ। আমল শেষে প্রতিটি মুখমণ্ডলে নূরানী দীপ্তি ছড়িয়ে পড়ে, হৃদয়ে তৈরি হয় এক গভীর প্রশান্তি।
উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিগণ রাতভর নামাজ, জিকির-আজকার ও কুরআন তেলাওয়াতে মশগুল থাকেন। তাহাজ্জুদের নামাজে আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করেন। শেষ রাতের রোনাজারিতে নিজেদের গুনাহখাতা মাফ করানোর আকুতি জানান। চোখের লোনা পানিতে মুখ ও দাড়ি ভিজিয়ে তারা অঝোরে কাঁদেন, যেন কোনো শিশু তার মায়ের কাছে কিছু পাওয়ার জন্য আহাজারি করছে।
মাদরাসা ছাত্রদের ইসলাহী মেহনতের গুরুত্ব
মাহফিলে বিশেষভাবে মাদরাসার ছাত্রদের ইসলাহী মেহনতের প্রতি গুরুত্ব দেওয়া হয়। মাদরাসাগুলোতে নিয়মিত জিকিরের হালকা কায়েম করার প্রয়োজনীয়তার কথা আলোচিত হয়। এতে তাদের আমলের স্পৃহা ও ইলমি মুতালার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
শবগুজারিতে আলোচনা পেশ করেন জমিয়তে উলামার মহাসচিব মাওলানা আব্দুর রহীম কাসেমী এবং জামিআ ইকরার সম্মানিত রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফসহ আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর কয়েকজন খলিফা। তাদের হৃদয়গ্রাহী নসিহা উপস্থিত মুসল্লিদের আত্মশুদ্ধির পথে অনুপ্রাণিত করে।
সুষ্ঠু ব্যবস্থাপনা ও অতিথি আপ্যায়ন
শবগুজারিতে আগত মুসল্লিদের আরাম-আপ্যায়নে পূর্ণ ব্যবস্থাপনা করে ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ ও বাংলাদেশ জমিয়তুল উলামা। অতিথিদের দেখভালে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন জামিআ ইকরার উস্তায ও ছাত্ররা।
আল্লাহ সকলের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং এই বরকতময় রাতের বারবার হাজিরা দিয়ে আত্মশুদ্ধির তৌফিক দান করুন। আমীন।


